রাব্বি মিয়া, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) কমিউনিটিকে এক ছাদের নিচে নিয়ে আসতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সম্মেলন ‘দ্য এসইও ইভেন্ট: বিয়ন্ড অ্যালগরিদম’ (The SEO Event: Beyond Algorithm)। মনস্টারক্ল-এর (Monsterclaw) সহযোগিতায় ঢাকার কারওয়ান বাজারস্থ কাজী নজরুল ইসলাম এভিনিউ রোডের ঢাকা ট্রেড সেন্টারের ১৬ তলায় ‘দ্য অ্যাটেনশন নেটওয়ার্কে’ এই আয়োজন সম্পন্ন হয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই সম্মেলন। এতে দেশের শীর্ষস্থানীয় এসইও বিশেষজ্ঞ, কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবীরা অংশ নেন।
খন্দকার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন এবিডি রাজ, আব্দুল আউয়াল, মাসুম বিল্লাহ, মোহাম্মদ সুজন সরকার, জিন্নাত উল হাসান, শেখ সাদী শুভ এবং তাপস ঘোষ।
সম্মেলনের মূল আকর্ষণ ছিল ‘ব্লুপ্রিন্ট ফর এ ১০০ মিলিয়ন ডলার স্যাস এসইও স্ট্র্যাটেজি’ শীর্ষক বিশেষ সেশন, যেখানে ১০০ মিলিয়ন ডলার মূল্যের সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস (SaaS) রেভিনিউ তৈরির কার্যকর এসইও কৌশল তুলে ধরা হয়।
এছাড়া আটটি আলাদা পর্বে সাজানো মূল বক্তব্যে এসইও চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি, চাকরির প্রথম ৯০ দিনের করণীয়, ‘বটম অব দ্য ফানেল’ (BOFU) কৌশলে আয় বৃদ্ধি, কার্যকর কনটেন্ট পরিকল্পনা ও আউটলাইন তৈরি, পুরোনো কনটেন্ট অডিট ও হালনাগাদ, মানসম্মত ব্যাকলিংক যাচাই এবং এসইও খাতে ক্যারিয়ার গঠনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
৩০০ অংশগ্রহণকারীর দিনব্যাপী আলোচনা শেষে পারস্পরিক নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।













