মৌলভীবাজারের রাজনগরের কদমহাটায় পিন্টু কর নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে কদমহাটা ভূমি অফিসের ট্যাংকির ওপর বসানো ও গাছের ডালের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পিন্টু কর (২০) কদমহাটার পাশের গ্রাম মৌলভীবাজার সদর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, পিন্টু কোম্পানির ডিলারশিপের কাজ করতো। সে নিজে মাল কিনে নিজেই সাপ্লাই দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ১ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে তাঁর।
পিন্টুর স্ত্রী বীথি কর বলেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে তিনি (পিন্টু) ঘর থেকে বের হন। আমি তখন রান্না করছিলাম। এর পর আমি কল দিয়েছি রাত ৯টার দিকে কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। আমার ভাসুরও কল দিয়েছেন, কিন্তু ফোন বন্ধ। পরে বুধবার সকালে এক মুরুব্বি এসে বলেন যে আমার স্বামীর ঝুলন্ত লাশ ভূমি অফিসের ট্যাংকির উপর পাওয়া গেছে। আমরা গিয়ে দেখিও তাই। পিন্টুর কারো সাথে কোন শত্রুতা ছিল না, যাওয়ার সময় কোনও টাকা পয়সা নিয়েও যান নি।
স্থানীয় ও পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে কদমহাটা ভূমি অফিসের টয়লেট ট্যাংকির ওপর বসানো ও গাছের ডালের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।









