মুজিবুর রহমান, কমলগঞ্জ প্রতিনিধিঃ
মাত্র ৪০ লাখ টাকা বরাদ্দের কালভার্ট নির্মাণকাজের ধীরগতির কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গত দুই মাস ধরে কালভার্টটি ভেঙে পড়ে থাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ওই এলাকার মানুষের।
কমলগঞ্জ উপজেলার চিতলিয়া, জাঙ্গালিয়া ও যোগিবিলসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কে কালভার্ট ভেঙে নতুন নির্মাণের কাজ শুরু হলেও এর দৃশ্যমান অগ্রগতি নেই। সরেজমিনে দেখা গেছে, পুরোনো কালভার্ট ভাঙার কাজে নিয়োজিত রয়েছেন মাত্র দুজন শ্রমিক। অন্যদিকে, মানুষের চলাচলের জন্য তৈরি করা বাঁশের অস্থায়ী ডাইভারশনটিও ভেঙে পড়েছে, যার ফলে চলাচল করতে গিয়ে খাদে পড়ছে যানবাহন।
ছনছড়া সিএনজি স্ট্যান্ডের বর্তমান সভাপতি সুফি মিয়া জানান, প্রায় দুই মাস ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে মেরামত করে কোনোভাবে চলাচলের চেষ্টা করছেন।
ছনছড়া সিএনজি স্ট্যান্ডের সাবেক সভাপতি সোহেল আহমদ জানান, গতকাল অস্থায়ী ডাইভারশন ভেঙে দুটি টমটম ও একটি সিএনজি অটোরিকশা খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িগুলো উদ্ধার করা হয়।
‘MKE-MMA-NST JV’ প্রকল্পের আওতায় এই কালভার্ট নির্মাণে বরাদ্দ রয়েছে ৪০ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার মুস্তাফিজুর রহমান। তবে ঠিকাদারের দাবি, পুরোনো কালভার্ট ভাঙার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় নতুন কালভার্ট নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম বলেন, “বাঁশের ডাইভারশন ভেঙে গেছে, আবার বাঁশ লাগানোর ব্যবস্থা করা হবে। তবে এটি স্থায়ী কোনো সমাধান নয়।”
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে—যে কাজের গত দুই মাসেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, মাত্র ১ মাস ১০ দিনে ৪০ লাখ টাকার এই কালভার্ট নির্মাণকাজ শেষ করা কতটা সম্ভব?











