রাজেশ ভৌমিক, শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতে ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠের গ্যালারির আশপাশে কয়েকজন কিশোর-তরুণকে বসে থাকতে দেখা গেছে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে কোনো ধরনের হয়রানি না করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা ও পৌর প্রশাসনের রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান এ বিষয়ে ‘উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল’ নামে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে বলা হয়, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠের গ্যালারির সামনে ও পেছনের অন্ধকার অংশে কয়েকজন কিশোর-তরুণকে বসে থাকতে দেখা যায়। তাঁদের কারও হাতে মোবাইল ফোন ছিল।
তাঁরা কেন সেখানে এসেছেন বা কী করছিলেন—এ বিষয়ে জানতে চাইলে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তাঁদের মধ্যে কেউ সেখান থেকে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করেন। আবার কেউ ভবিষ্যতে রাতে এভাবে অন্ধকার স্থানে বসে না থাকার প্রতিশ্রুতি দেন। কেউ কেউ ওই স্থানে প্রথমবার এসেছেন বলে জানান এবং ভুল স্বীকার করে ক্ষমা চান।
পরে তাঁদের রাতে অযথা বাইরে না থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ইউএনও তাঁর পোস্টে বলেন, শুধু আইন প্রয়োগ নয়, কিশোর-তরুণদের নিরাপদ রাখা, ভুল পথ থেকে ফিরিয়ে আনা এবং পড়াশোনা ও সুন্দর ভবিষ্যতের দিকে উৎসাহিত করাও দায়িত্বের অংশ।















