কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনার্থপুর গ্রামে লন্ডন প্রবাসী আরিফ উল্লার বসতঘরে গভীর রাতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা নতুন একটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। ঘরের দরজার নিচ দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে ঘরের ভেতরে থাকা নতুন Honda HP মোটরসাইকেলটির ডান পাশের কিছু অংশ পুড়ে যায়। এছাড়া ঘরের ভেতরে থাকা অন্যান্য জিনিসপত্রও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে আব্দুল আহাদ ওরফে আরিফ উল্লার ছেলে সানোয়ার হোসেন মিলু বলেন, “আমি বাড়িতে একা বসবাস করি। রাত আনুমানিক ৪টার দিকে ঘরে আগুন লাগানো হয়। কে বা কারা আগুন লাগিয়ে আমার বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করেছে, তা আমি জানি না।”
তিনি আরও বলেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে বলে তার ধারণা। আগুনে ঘরের ভেতরে থাকা মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে আগুন লাগিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
কমলগঞ্জে লন্ডন প্রবাসীর ঘরে গভীর রাতে আগুন, পুড়ল নতুন মোটরসাইকেল


















