শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে একটি বিষধর খৈয়া গোখরা সাপের দেখা পেয়েছেন চা-শ্রমিকেরা। শুক্রবার সকালে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানে এ ঘটনা ঘটে। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান শ্রমিকেরা।
চা বাগান সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে ভুড়ভুড়িয়া চা বাগানের একটি এলাকায় শ্রমিকেরা চা পাতা তুলছিলেন। এ সময় হঠাৎ তাঁরা একটি সাপ দেখতে পান। পরে সাপটি বিষধর হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা বিষয়টি বাগানের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানকে জানান।
পরে বাগান কর্তৃপক্ষ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে যান। তাঁরা সাপটি উদ্ধার করে শনাক্ত করেন। তাঁদের ভাষ্য, এটি খৈয়া গোখরা বা স্পেকট্যাকলড কোবরা (ঝঢ়বপঃধপষবফ পড়নৎধ), যা বিষধর সাপ হিসেবে পরিচিত।
উদ্ধারের পর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
















