রাশেদ আহমদ (মাল্টিমিডিয়া রিপোর্টার)
মৌলভীবাজারে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে জেলার ১ হাজার ২২টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা, সিঁদুর খেলা ও বিদায়ের আবেগঘন শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন সনাতনীরা।
বিজয়া দশমীর সকালে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজা, দর্পণ বিসর্জন ও দেবীর চরণে বিশেষ পুষ্পাঞ্জলি দেওয়া হয়। পরে দেবী দুর্গার বিদায়লগ্নে সনাতন ধর্মাবলম্বী নারীরা দেবীর চরণে সিঁদুর অর্পণ করেন এবং নিজেদের মধ্যে সিঁদুর খেলায় অংশ নেন। এ সময় উৎসবের আনন্দের পাশাপাশি দেবীকে বিদায়ের আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিকেলে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় মনু নদীতে নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীসহ প্রমুখ সনাতনী নেতৃবৃন্দ।
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থান ও সময়ে বিসর্জনের ব্যবস্থা করা হয়। এ সময় জেলা পুলিশ, র্যাব ও বিজিবি,আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
কোন বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারে এ বছরের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।










