শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জিপও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীমঙ্গল থানার খোশবাস গ্রামের মো. ছাদ মিয়ার ছেলে শাহ আলম (৩৮), কুলাউড়া থানার বিলেরপাড় (পশ্চিম বিলেরপাড়) এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে সালাউদ্দিন (২৯) এবং শ্রীমঙ্গল থানার শংকরসেনা (শিববাড়ী) এলাকার মো. আবদুল করিমের ছেলে মো. আলী হোসেন (৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক অবস্থায় তিনজনকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার এবং একটি স্টিলের এসএস রড উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জিপ গাড়ি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















