শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের ৬ নম্বর পুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালক অখিল মালাকার বলেন, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে একটি মুখপোড়া হনুমান মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়। পরে তিনি রাস্তার পাশে হনুমানটিকে পড়ে থাকতে দেখে মুখে পানি দেন এবং বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আহত হনুমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত ঘোষণা করেন। পরে মৃত হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব বলেন, ‘প্রাণীটিকে বাঁচানোর জন্য দ্রুত পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে প্রাণীটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা বন বিভাগ নেবে।’
স্বপন দেব আরও বলেন, লাউয়াছড়াসহ আশপাশের বনের পরিবেশ এখন অনেক বন্যপ্রাণীর বসবাসের জন্য অনুকূল নয়। বনে খাদ্য ও আবাসস্থলের সংকটসহ নানা কারণে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। এতে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্নভাবে প্রাণীগুলো মারা যাচ্ছে।















