পাকিস্তানের ইসলামাবাদে পার্লামেন্ট হাউসে সফররত বাংলাদেশের প্রথম সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে দেশটির জাতীয় পরিষদের নারী সংসদীয় ককাসের (ডব্লিউপিসি) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে সফররত বাংলাদেশ প্রতিনিধিদলে মৌলভীবাজারের দুই সংসদ সদস্য—পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আইপিইউ নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পাকিস্তানের নারী সংসদীয় ককাসের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শাহিদা রেহমানির নেতৃত্বে ককাসের সদস্য সৈয়দা শেহলা রাজা, সোফিয়া সাঈদ শাহ, জেব জাফর, রোমিনা খুরশিদ আলম, হুমা আখতার চুগতাই, নাঈমা কিশওয়ার খান, জাহরা ওয়াদুদ ফাতেমি, ফারাহ নাজ আকবর, ফারখ খান, মুসাররাত রফিক মাহেসার, ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং বিশেষ সচিব (এসআই) সৈয়দ শামুন হাশমি বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান।
এ সময় ড. শাহিদা রেহমানি বাংলাদেশে একটি সর্বদলীয় নারী সংসদীয় ককাস গঠনে পাকিস্তানের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময় ও সার্বিক সহযোগিতার প্রস্তাব দেন। বাংলাদেশি প্রতিনিধিদল পাকিস্তানের এই সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশে সর্বদলীয় নারী সংসদীয় ককাস প্রতিষ্ঠার বিষয়ে তাদের আগ্রহের কথা প্রকাশ করে।
বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব, প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা, সংসদীয় তদারকি ও আইনি সংস্কারের মতো অগ্রাধিকারমূলক বিষয়গুলোতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ডব্লিউপিসি জেন্ডার-সংবেদনশীল বাজেট, আইন প্রণয়ন-পরবর্তী পর্যালোচনা, সংসদীয় গবেষণা এবং সংসদীয় সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ শক্তিশালী করার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আগ্রহ দেখায়।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক নারী সংসদ সদস্য নেটওয়ার্ক’ পুনরুজ্জীবিত করার প্রস্তাব। বাংলাদেশি প্রতিনিধিদল এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপসহ এ অঞ্চলের অন্যান্য দেশের নারী সংসদ সদস্যদের যুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
দ্বিপাক্ষিক এই উদ্যোগ ও আঞ্চলিক নেটওয়ার্কিং কার্যক্রম এগিয়ে নিতে উভয় দেশের সংসদ থেকে ফোকাল পারসন নির্ধারণ, নিয়মিত ভার্চুয়াল বৈঠক আয়োজন, বার্ষিক পারস্পরিক সংসদীয় সফর এবং নারী সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ছোট কোর গ্রুপ গঠনের প্রস্তাব দেওয়া হয়।
স্পিকারের নেতৃত্বে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আইপিইউ নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান এমপি, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নজিবুর রহমান ও নিলুফার চৌধুরী মনি। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া-২) জাকারিয়া বিন আমজাদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেন প্রতিনিধিদলে রয়েছেন।













