পাকিস্তানের ইসলামাবাদে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের (পিএফজি) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। অন্যদিকে, পাকিস্তানের পক্ষে বৈঠকটির আহ্বায়ক ছিলেন দেশটির জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো।
বৈঠকের শুরুতে বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো বলেন, অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক সাদৃশ্য এবং জনগণের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, আইন প্রণয়ন সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সংসদীয় কূটনীতির ভূমিকার ওপর আলোকপাত করেন।
প্রত্যুত্তরে বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন এম নাসের রহমান পারস্পরিক শ্রদ্ধা, গঠনমূলক সংলাপ, যোগাযোগ বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের কল্যাণে অভিন্ন অঙ্গীকারের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে সংসদীয় সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, ডিজিটাল গভর্ন্যান্স, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার এবং সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর আওতায় বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতা এগিয়ে নিতে নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ এবং পারস্পরিক সংসদীয় সফরের মাধ্যমে ধারাবাহিক সম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
বৈঠকে পাকিস্তানের ফেডারেল মন্ত্রী মুহাম্মদ মঈন ওয়াত্তু এবং সংসদ সদস্য জাহরা ওয়াদুদ ফাতেমি, শাইস্তা পারভেজ, রোমিনা খুরশিদ আলম, দাওয়ার খান কুন্দি, নাঈমা কিশওয়ার খান, ফয়সাল আমিন খান, শের আলী আরবাব, হুমা আখতার চুগতাই, মুসাররাত রফিক মাহেসার, তামকিন নিয়াজি ও আওয়াইস হায়দার জাখর উপস্থিত ছিলেন।
পারস্পরিক শ্রদ্ধা, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির চেতনায় সংসদীয় বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার যৌথ অঙ্গীকারের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।













