বহুল আলোচিত ছবি ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’-এর প্রদর্শনী বন্ধ করা এবং এর সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি তুলেছে ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ছবিতে রাবণ চরিত্রের উপস্থাপন এবং ধর্মীয় ও ঐতিহাসিক তথ্যের কথিত বিকৃতি নিয়ে এই তীব্র আপত্তি জানিয়েছে সংগঠনটি।
ভিএইচপির সাধারণ সম্পাদক বজরং লাল বাগরা এবং আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার অভিযোগ করেছেন, ছবিতে রাবণকে এমনভাবে দেখানো হয়েছে যেন তিনি দলিত, শোষিত ও বঞ্চিতদের মুক্তির দূত এবং তাদের কল্যাণে কাজ করছেন।
পিটিআই-কে দেওয়া বক্তব্যে বজরং লাল বাগরা বলেন, রাবণ অত্যন্ত বিদ্বান, শক্তিশালী ও ভক্ত ছিলেন ঠিকই, কিন্তু অত্যাচারী হওয়ার কারণে তিনি ছিলেন অনৈতিক। রামায়ণের প্রতিটি সংস্করণেই এটি স্পষ্ট।
তার মতে, সিনেমায় রাবণকে এভাবে মহিমান্বিত করার মাধ্যমে একটি রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে, যা হিন্দু সমাজের অনুভূতিতে আঘাত হেনেছে। অলোক কুমারও একই সুরে রাবণের এমন উপস্থাপনাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন।
ভিএইচপি নেতাদের দাবি, ছবির গল্প থেকে রামায়ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাতা অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে ভগবান রামের বন্ধুত্ব এবং কেবতের ভক্তি ও রামের আচরণ।
অলোক কুমারের মতে, এই ঘটনাগুলো সামাজিক সম্প্রীতি এবং জাতপাত ও স্পর্শ-অস্পর্শের ঊর্ধ্বে ভালোবাসার বন্ধনকেই তুলে ধরে। বজরং লাল বাগরা বলেন, ঋষি-সাধুদের যজ্ঞ ও গুরুকুল রক্ষা করে সমাজের শত্রুদের বিনাশ করার যে মহান লক্ষ্য ভগবান রামের ছিল, ছবিতে সেটিকে কেবল স্ত্রীর অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত লড়াই হিসেবে দেখানো হয়েছে।
ভিএইচপির এই দাবির আগেই বি আর চোপড়ার ‘মহাভারত’ খ্যাত অভিনেতা নীতীশ ভরদ্বাজ ছবিটির চরিত্রায়ন নিয়ে সমালোচনা করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভগবান রামের উপস্থাপন নিয়ে আপত্তি তুলে বলেছিলেন, রামকে একদম সাধারণ ও ভাবলেশহীন মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, যা রামের ‘মর্যাদা’র সঙ্গে যায় না।
দুই পর্বের এই মহাকাব্যিক ছবির প্রথম কিস্তি গত ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করেছেন।













