ঢাকা–সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় সরকারি ভূমিতে বিলবোর্ড স্থাপন করে কয়েক লক্ষ টাকা ভাড়া আদায় করা হয়েছে। দৃশ্যমান বিলবোর্ড থাকার পরেও বেখেয়াল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেকোােনা সময় ঝড়–বাদলে বিলবোর্ড উপড়ে পড়ে পথচারী ও পার্শ্ববর্তী ব্যবসায়ীদের জীবন নিরাপত্তাহীনতায় ও ঝুঁকির মধ্যে রয়েছে। রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার।
জানা যায়, সৈয়দ সিদ্দেক আলী মার্কেটের ব্যবস্থপনা পরিচালক হাজী লিয়াকত আলী এ বিলবোর্ড স্থাপন করেছেন। তাকে পিছন থেকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সহযোগিতা করছেন। বিলবোর্ড না সরানোর জন্য ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় তদবিরও করেছেন। প্রতিবেদকের কাছে এমন প্রমাণাদিও রয়েছে।
স্থানীয়রা জানান, সিলেট-ঢাকা বাইপাস সড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সৈয়দ সিদ্দেক আলী মার্কেট। ওই মার্কেটের পাশের সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে উঁচু লোহার খুঁটি দিয়ে স্থাপন করা হয়েছে বিশালা আকারের ইউনিলিভার কোম্পানির সানসিল্ক শ্যাম্পুর বিজ্ঞাপনী বিলবোর্ড। এর ধাতব ফ্রেমের একটি অংশ রয়েছে মহাসড়কের ওপর। নিচে রয়েছে বৈদ্যুতিক খুঁটি ও সংযোগ লাইন। অবৈধভাবে ভাড়া নেওয়া রিসান ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাড এর এই স্থাপনার পাশ দিয়ে প্রতিনিয়ত ছুটে চলছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন ও হাজার হাজার পথচারী। ঝড় তুফানে এ বিলবোর্ড পড়ে স্থানীয় ব্যবসায়ী, নিত্যনৈমত্তিক চলাচলকারীরা, যানবাহন ও প্রাণহানীর ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে রিসান ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাড এর দায়িত্বে থাকা আনোয়ার হোসেন বলেন, “হাজী সিদ্দেক আলী মার্কেটের সামনের জায়গা থাকায় উনার সাথে কথা বলে বসিয়েছি এবং ভাড়ার টাকা উনাকেই দিচ্ছি। তবে সওজের অনুমতি নেয়া হয়নি। সওজের সিদ্ধান্ত মেনে প্রয়োজনে আমরা বিলবোর্ড সরিয়ে নেব।”
হাজী সিদ্দেক আলী মার্কেটের ব্যবস্থপনা পরিচালক হাজী লিয়াকত আলী বলেন, “বিএনপি কয়েকজন নেতার অনুরোধে এটা বসিয়েছিলাম। কর্তৃপক্ষ নির্দেশ দিলে সরিয়ে ফেলব। তবে আমি একা নয়, অনেকেই এখানে বিলবোর্ড বসিয়েছেন।”
মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন,”উনাকে এ সপ্তাহ সময় দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে না সরালে আমরা সরিয়ে ফেলব।













