রাব্বি মিয়া::
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে।
গত রোববার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল। মামলায় এম এম শাহীন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪২৭/৪৩৬/৩৮০/১০৯ ধারা যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে একবারের সাবেক সংসদ সদস্য (২০০১) এম এম শাহীন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক। এক সময়ের জাসদ ছাত্রলীগের কর্মী শাহীন ১৯৯৩ সালে দেশে ফিরে বিএনপিতে যোগ দেন। তিনি কেন্দ্রীয় যুবদলের কুটির ও শিল্প বিষয়ক সম্পাদক, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
২০০১ সালের জাতীয় নির্বাচনে জোট থেকে মৌলভীবাজার-২ আসন জামায়াতকে ছেড়ে দেওয়া হলে তৎকালীন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জামায়াতের ডা. শফিকুর রহমানকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়ে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।
২০০৭ সালের নির্বাচনে তিনি বিএনপি’র একক প্রার্থী হিসাবে মনোনয়ন পান। দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে নির্বাচন স্থগিত হয়ে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। পরে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) গঠন করেন বিএনপির সাবেক নেতা ফেরদৌস আহমেদ কোরেশী। সেই দলের সভা-সমাবেশ করে ফের আলোচনায় আসেন এম এম শাহীন। ফলে বিএনপি থেকে বাদ পড়েন তিনি। পরে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরবর্তী সময়ে ২০১৮ সালে বিকল্পধারার প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন শাহীন।













