মৌলভীবাজারের সম্পাশী হাফিজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ মাওলানা জমির হোসেন ইন্তেকাল করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট থানার চড়িপাড়া-নয়াগাঁও গ্রামে এবং তাঁর পিতার নাম গোলাম রব্বানী। মরহুমের জানাজার নামাজ আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কানাইঘাটের চড়িপাড়া রহিমিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।
ব্যক্তিজীবনে হাফেজ মাওলানা জমির হোসেন সমাজ ও আত্মীয়স্বজনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং পরিচ্ছন্ন জীবনের অধিকারী ছিলেন। ৫ মেয়ে ও ২ ছেলের জনক মরহুম জমির হোসেন পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। এলাকার মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার আপ্রাণ চেষ্টা করতেন তিনি। তাঁর সদাহাস্যোজ্জ্বল ও অমায়িক ব্যবহারে সবাই মুগ্ধ ছিলেন।
তাঁর বড় ভাই বিশিষ্ট আলেম আল্লামা হাফিজ আমির হোসেন (রহ.) মৌলভীবাজারের সম্পাশী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিনের প্রধান দায়িত্বশীল ছিলেন, যিনি গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ৯৩ বছর বয়সে যুক্তরাজ্যে ইন্তেকাল করেন। মাত্র ১১ দিনের ব্যবধানে দুই সহোদরের এই ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে।













