সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করে। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের এক সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ ঢুকে পড়েন। খবর পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিক তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তিনি বিওপিতে রয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আরও জানান, উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।













