বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ খালেদ সাইফুল্লাহ।
গত ১১ নভেম্বর সকালে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের জোট শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার কোনো প্রতিনিধিকে দাওয়াত না দেওয়ায় শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক উল্লেখ করেন, “গত ১১ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের বিশেষ সাধারন সভায় সরকারের জোট শরীক দল (বিএনপি জমিয়ত জোট) জমিয়ত নেতৃবৃন্দ কেনো দাওয়াত পেলেন না?”
তিনি আরও লেখেন, সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের ওজিএম অনুষ্ঠিত হয়ে গেল। সরকারের অন্যতম শরীকদল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার কোন প্রতিনিধি নেই!আমরা কি সরকারের নূন্যতম অংশিদার নয়! আমরা আশ্চর্য না হয়ে পারি না, জামাতে ইসলামের জেলা সেক্রেটারি প্রিয় ইয়ামির আলী ভাই সহ বিরুদী দলের নেতারা আছেন ভালো কথা। বিরুদী দলের হয়েও জামাত মৌলভীবাজারে বিভিন্ন সরকারি আচার অনুষ্ঠান ও সংস্থায় সুযোগ পেলেও সরকারের জোটের অন্যতম এবং একমাত্র ইসলামী দল “জমিয়ত” জোট সংগী হয়েও আমরা কেনো দাওয়াতটুকুও পাইনা?”
তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আমলেও রেডক্রিসেন্ট এর লাইফ মেম্বার হওয়ার কারণে মাঝে মধ্যে দাওয়াত পেতাম কিন্তু বৈষম্য বিরুধী আন্দোলন করেও আজ আমরা লাইফ মেম্বার থাকাসত্ত্বে দলগত ও ব্যাক্তিগত উভয় ভাবে-ই বৈষম্যের শিকার হতে হবে কেনো?”
এসময় তিনি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষনের জন্য মেনশনও করেন।











