রাশেদ আহমদ:
মৌলভীবাজারের রাজনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজাদুর রহমান, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়া, সাংবাদিক, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের গুরুত্ব, তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব এবং কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার সব উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য মোট ৭৩১ জন তথ্য সংগ্রহকারী ও ৭৩ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া ১২০টি ট্যাব ব্যবহার করে আটটি ইউনিটে ১২০ জন তথ্য সংগ্রহকারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিটে ১৫ জন করে প্রশিক্ষণ নিচ্ছেন।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করে সরকারি সামাজিক নিরাপত্তা সহায়তা আরও সঠিকভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহে নির্ভুলতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সভায় গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় প্রতিটি পরিবারের প্রকৃত তথ্য যাচাই করে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। কোনো পরিবার যেন ভুল তথ্যের কারণে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় এবং যোগ্যতার বাইরে কেউ যেন সুবিধা না পায়—সেদিকেও গুরুত্ব দিতে হবে।











