স্টাফ রিপোর্টার:
সারাদেশে আয়োজিত বাছাই পরীক্ষার মাধ্যমে জেলা পর্যায়ে ক্রিকেট কোচদের নিয়োগ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রক্রিয়ায় সাফল্য অর্জন করে মৌলভীবাজার জেলার বিসিবি নিয়োগকৃত ক্রিকেট কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন রেজওয়ান মজুমদার রুমান।
দীর্ঘদিন ধরেই মৌলভীবাজারের ক্রিকেটের উন্নয়নে সামনে থেকে কাজ করছেন রুমান। বিশেষ করে জেলার সাবেক ক্রিকেট কোচ রাসেল আহমদ যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর থেকে গত তিন বছর ধরে কোনো প্রকার সম্মানী বা আর্থিক সুবিধা ছাড়াই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। খেলাপাগল এই ক্রীড়া সংগঠক ও কোচের নিরলস পরিশ্রমের ফলস্বরূপ এই আনুষ্ঠানিক স্বীকৃতি মিললো।
তার হাত ধরে মৌলভীবাজারের স্থানীয় ক্রিকেট নতুন গতি পাবে এবং জেলা থেকে জাতীয় পর্যায়ে আরও অনেক উদীয়মান ক্রিকেটার উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।










