স্টাফ রিপোর্টার, কুলাউড়া:
দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন পঞ্চায়েত কমিটির (রেজি. নং বি-৭৭) কেন্দ্রীয় নির্বাচন আগামী ২৮ নভেম্বর ( শনিবার) একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে।
এর ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলার ২২টি চা বাগানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সময় যত ঘনিয়ে আসছে শেষ মুহূর্তে কুলাউড়া উপজেলার চা বাগান গুলোতে ততই বাড়ছে প্রচার-প্রচারণার উত্তাপ। শেষ মুহূর্তে চা- শ্রমিক ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা বাগানের অলিগলিতে গণসংযোগ, পথসভা ও বাদ্যযন্ত্র বাজিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ আট বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা শ্রমিকদের মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে উপজেলার ২২টি চা বাগানে মোট চা- শ্রমিক ভোটার রয়েছেন ৮ হাজার ৫৬৫ জন।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ১৫ নভেম্বর প্রকাশিত প্রতীক বরাদ্দের তালিকা অনুযায়ী, কুলাউড়া উপজেলার ২২টি চা বাগানের পঞ্চায়েত কমিটিতে মোট ৬২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে লংলা ভ্যালি কার্যকরী পরিষদে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন নাছানা পাশী (তালাচাবি), দীপঙ্কর ঘোষ (টর্চলাইট) ও সঞ্জু অধিকারী (আম)। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
উপজেলার চা বাগানগুলো হলো মুরইছড়া, চাতলাপুর, তিলকপুর, আসগরাবাদ, রাজানগর, সিরাজনগর, লোয়াইউনি, হলিছড়া, হিংগাজিয়া, কালিটি, ক্লিভডন, দিলদারপুর, তারাপাশা, পাল্লাকান্দি, বিজয়া, রাঙ্গীছড়া, রেহানা, বরমচাল, গাজীপুর, ঝিমাই, মেরিনা ও লংলা।
নির্বাচন সামনে রেখে প্রার্থীরা শ্রমিকদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। বিশেষ করে শ্রমিকদের ন্যায্য মজুরি, রেশন, ভূমির অধিকার, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়গুলো প্রচারণায় গুরুত্ব পাচ্ছে।
এ ছাড়া প্রতিটি চা বাগানে আধুনিক হাসপাতাল নির্মাণ, পর্যাপ্ত এমবিবিএস চিকিৎসক ও নার্স নিয়োগ, অ্যাম্বুলেন্স ও আধুনিক রোগ নির্ণয় কেন্দ্র স্থাপন, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, চা আবাদ সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিকস্বার্থবিরোধী আইন বাতিলের দাবিও ইশতেহারে স্থান পেয়েছে।
লংলা ভ্যালি সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজীপুর চা বাগানের অশোক কুমার গোয়ালা (বাবলু) জানান, এবারের নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। তাঁদের প্যানেল বিপুল ভোটে জয়লাভ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে কালিটি চা বাগানের বর্তমান ভারপ্রাপ্ত পঞ্চায়েত সভাপতি অনিমা অলমিক এবং বাগানের স্থায়ী শ্রমিক মিনা পাশী ও প্রমেশ নাইডুও সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাজার হিঙ্গাজিয়া ডানকান চা-বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জামাল মিয়া বলেন, দীর্ঘদিন পর চা-বাগানে শ্রমিক পঞ্চায়েত কমিটির ভোট আসায় শ্রমিকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও ভোটারদের আনাগোনায় মুখরিত সকল বাগানের লাইনগুলো।
চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক বলেন, দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত চা শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের কল্যাণে সত্যিকার অর্থে কাজ করবেন, এমন প্রত্যাশা তাঁদের। এবারের নির্বাচনে রাজনৈতিক প্রভাব পরিলক্ষিত হচ্ছে না উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
উল্লেখ্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘ আট বছর ধরে চা- শ্রমিক ইউনিয়ন পঞ্চায়েত কমিটির কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চা- শ্রমিক পঞ্চায়েত কমিটির নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা আক্তার জানান, দীর্ঘ আট বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা শ্রমিকদের মধ্যে আনন্দ উৎসবের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী মাঠে জয়লাভের উদ্দেশ্যে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত থাকবেন। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রশাসন সবসময় তৎপর রয়েছে।










