বোরো মৌসুমে ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি আর্থিক অনুদান প্রদানে অনিয়মের অভিযোগে কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ৮ং কনকপুর ইউনিয়নের কৃষকরা জড়ো হয়ে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষক হায়দর আলী বলেন, আমরা বোরো খেত করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সরকার বোরো খেতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকির যে লিস্ট করেছে, তাতে আমাদেরকে বাদ দিয়েছে। এবং যারা পাওয়ার কথা নয় তাদেরকে দেওয়া হয়েছে।
কৃষক রিপন মিয়া বলেন, আমি ৫ কিয়ার জায়গায় বোরো খেত করেছিলাম, ১ কিয়ার এর ধানও কাটতে পারি নাই। খেত পানি নিয়ে গেছে। সবাই সরকারি টাকা পাইছে। আমরা পাই নাই। তাই আমরা এখানে আসছি।
কৃষক টিপু মিয়া বলেন,আমরা কৃষক। আমাদের খেত পানিতে চলে গেছে। যারা বিএনপি করে তারা টাকা পাইছে। বিএনপির লোকজন বলে, আমরা জামাতে ভোট দিয়েছি, তাই আমরা টাকা পাইনাই। যারা রিকসা চালায়, গাড়ি চালায় তারা পায়, আমরা কৃষক হওয়া সত্ত্বেও পাই না।










