ব্রাহ্মণবাজার ইউনিয়ন প্রতিনিধিঃ
দীর্ঘ ৪ বছরের দায়িত্ব পালন শেষে শ্রীমঙ্গলের লংলা চা-বাগান নূরানী জামে মসজিদের ইমাম ও খতিব আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ করেছেন। বিদায়লগ্নে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানা যায়, গত ৪ বছর ধরে তিনি উক্ত মসজিদে সফলতার সাথে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালনকালে তিনি মুসল্লিদের সুখ-দুঃখে পাশে থেকে দ্বীনি খিদমত আঞ্জাম দেন।
বিদায় অনুষ্ঠান উপলক্ষে মসজিদের সম্মানিত কমিটি ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে বিদায়ী খতিবকে সম্মাননা ক্রেস্ট ও পাঞ্জাবি উপহার দেওয়া হয়। বিদায়কালে মুসল্লিরা চোখের পানিতে প্রিয় খতিবকে বিদায় জানান।
বিদায়ী খতিব তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘ ৪ বছরের এই পথচলা অত্যন্ত বরকতময় ছিল। মুসল্লিদের এই আন্তরিক ভালোবাসা ও সম্মান আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।” একই সাথে তিনি বিগত দিনের কোনো ভুলত্রুটি থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি মসজিদ কমিটির মোতাওয়াল্লী সাহেবসহ সকল সদস্য ও মুসল্লিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদটিকে হেদায়েত ও ঐক্যের কেন্দ্র হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করেন। পরিশেষে তিনি তাঁর ভবিষ্যৎ দ্বীনি খিদমতের জন্য দেশবাসী ও মুসল্লিদের কাছে দোয়া কামনা করেছেন।













