রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাইমন চৌধুরী (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। আটককৃত কিশোর রাজনগর সদর ইউনিয়নের মেইন গড়গাঁও গ্রামের সানু মিয়া চৌধুরীর ছেলে।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল রাজনগর উপজেলার মেইন গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাইমন স্টোর নামের এক চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
অভিযানকালে তার ব্যবহৃত হালকা সবুজ রঙের একটি Infinix HOT 60i 5G স্মার্টফোন জব্দ করা হয়। ফোনটি পরীক্ষার পর দেখা যায়, তাতে 1X, 1xBet, 1xPartners, 1XC, 1xCasino সহ একাধিক অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা রয়েছে। প্রাথমিক তদন্তে অ্যাপগুলোতে লেনদেনের তথ্য পাওয়া যায়; যার মধ্যে ডলার ও টাকায় একাধিক ব্যালান্সের হিসেবসহ মোট ৫৪৩.৯৫ ডলার আয়ের রেকর্ড পাওয়া গেছে। এছাড়া Binance অ্যাপের উপস্থিতিও শনাক্ত করা হয়
অভিযানের পর র্যাব-৯ আটক কিশোরকে রাজনগর থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা স্মার্টফোন ও সংশ্লিষ্ট আলামত আইনগত প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, কিশোরটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। র্যাব-৯ তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে।














