সাজু মারছিয়াং, লাউয়াছড়া:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মিলে বিরল উল্টোলেজি বানর বা নর্দার্ন পিগ-টেইলড ম্যাকাকের। সাম্প্রতিক মোবাইল ক্যামেরার ধারণ করা ছবিতে কয়েকটি উল্টোলেজি বানরকে উদ্যানের ভেতর দিয়ে চলাচল করতে দেখা যায়। শান্ত পরিবেশে তাদের স্বাভাবিক আচরণ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য ছিল আকর্ষণীয় এক দৃশ্য।
স্থানীয়ভাবে এ প্রজাতির বানর কেশরওয়ালা সিংহ বানর, কুলু বান্দর, ছোট লেজি বানর ও উলু বান্দর নামেও পরিচিত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এদের ‘সংকটাপন্নথ হিসেবে তালিকাভুক্ত করেছে। এছাড়া বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এরা সংরক্ষিত প্রাণী।
উল্টোলেজি বানরের লেজ শূকরের লেজের মতো পিঠের দিকে বাঁকানো থাকে। এদের গায়ের রং হালকা সোনালি থেকে বাদামি এবং প্রধান খাদ্য ফলমূল ও কচিপাতা। সাধারণত ২০ থেকে ২৫টি সদস্যের দলে গভীর বনে বসবাস করে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে চলে যাওয়া আখাউড়া–সিলেট রেলপথের পাশেও বানরগুলোর চলাচল দেখা যায়। এ রেলপথে ট্রেন চলাচলের সময় বিভিন্ন বন্যপ্রাণী দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা ঘটে, যা বন্যপ্রাণীর নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশ-বিদেশের শত শত পর্যটক এখানে ভ্রমণে আসেন। বিরল এই উল্টোলেজি বানরের উপস্থিতি উদ্যানটির সমৃদ্ধ জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।















