কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার জয়পাশার জাপানী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হাসান বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। তিনি জয়পাশা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকজন ডাকাত একত্রিত হয়ে পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদ পেয়ে জয়পাশা এলাকায় অভিযান চালানো হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং ওই এলাকার লোকজনও সহযোগিতা করেন। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
ওসি আরও জানান, আটক হাসানকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুরি, ডাকাতি, মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।















