কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত উপকারভোগীদের যথাসময়ে অবহিত না করা, কার্ডধারীরা পণ্য না পাওয়া, পণ্য বিক্রির প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি এবং প্রকৃত কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ভোক্তারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পতনউষার শহীদনগর বাজারে টিসিবি’র সেপ্টেম্বর মাসে পণ্য বিক্রির সময় এসব অভিযোগ নিয়ে ডিলার পক্ষের লোকদের সাথে ভুক্তভোগীদের বাকবিতণ্ডা হয়েছে।
ভোক্তাদের অভিযোগ, পণ্য বিতরণের ক্ষেত্রে প্রকৃত কার্ডধারীদের মধ্যে প্রায় ২৫০জন পণ্য না পেয়ে ফেরত গিয়েছেন। এছাড়াও টিসিবির পণ্য বিক্রির সময় ও স্থান সম্পর্কে আগে জানানোর কথা থাকলেও তাদেরকে জানানো হয়নি। ফলে নির্ধারিত সময়ে বিক্রয়কেন্দ্রে উপস্থিত হতে না পারায় অনেক নিম্নআয়ের মানুষ সরকারি ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে দায়ীত্বপ্রাপ্ত ডিলার জয়নাল আবেদীন বলেন, আমি যে পণ্য পেয়েছি সেগুলো দিয়েছি। আমাকে ২৩০জনের পণ্য দেওয়া হয়েছে, আমি সেগুলো বিক্রি করেছি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ওসি) সন্দ্বীপ তালুকদার বলেন, এখানে অনিয়ম হবার কথা না, হয় তো কোথাও কোন সমস্যা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।















