রাশেদ আহমেদ, মৌলভীবাজার
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে মৌলভীবাজার শহরে সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতা-কর্মীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী তাঁর বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আপা আসবে, আপা আসতে হবে’—এমন কথা বলা হচ্ছে। একই সঙ্গে ৫৭ সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, হেফাজতে হত্যাকাণ্ড, গুম এবং অবৈধভাবে ক্ষমতা দখলের অভিযোগের বিচার করার কথাও বলেন তিনি।
মিফতাহ সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনা ফিরতেই হবে।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী। তিনি মৌলভীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং আগামী এক মাসের মধ্যে সন্ত্রাস নির্মূল ও প্রশাসনের ভূমিকার উন্নতি না হলে মৌলভীবাজারে আর না আসার কথা জানান।
আরিফুর হক চৌধুরী তাঁর বক্তব্যে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। তাঁর ভাষ্য, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দলকে সংগঠিত ও শক্তিশালী করে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।
পরে সমাবেশস্থল থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
















