জুড়ী প্রতিনিধি:
সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষায় মেধার ভিত্তিতে উত্তীর্ণ হওয়ার পরও গেজেট থেকে বাদ দেওয়ার অভিযোগ করেছেন সদ্য নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ফয়েজ আহমদ। গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্টের ভিত্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি তার।
ফয়েজ আহমদের অভিযোগ, তার নামে থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) নেই। দীর্ঘ ২৪ বছর ধরে তিনি এলাকার বাইরে অবস্থান করছেন। এ সময়ের মধ্যে তিনি কারও সঙ্গে খারাপ আচরণ বা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমন কোনো অভিযোগও নেই বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমি লিখিত পরীক্ষা ও ভাইভাতে মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছি। চাকরি শতভাগ নিশ্চিত হওয়ার পরও শেষ মুহূর্তে আমাকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ আমার নামে কোনো মামলা বা জিডি নেই।”
ফয়েজ আহমদের দাবি, তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিচয় বা জামায়াত-শিবির সংশ্লিষ্টতার অভিযোগকে বিবেচনায় নিয়ে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি এ ঘটনাকে বৈষম্য হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
ফয়েজ আহমদ বলেন, “আমার অপরাধ একটাই জামায়াত-শিবির সংশ্লিষ্টতা। জাতি কবে এ বৈষম্য থেকে রেহাই পাবে?” তিনি তার নিয়োগের বিষয়টি নিরপেক্ষভাবে পুনর্বিবেচনা করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।















