স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার জালালাবাদ (মিশন চৌমুহনীতে) সরকারি নির্দেশ অমান্য করে সরকারি জায়গা ও মসজিদের খরিদকৃত জায়গা দখল করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আব্দুল মুকিত নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ গ্রামের (মিশন চৌমুহনীতে) এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস অভিযান চালিয়ে সরকারি নির্দেশ অমান্য করে বারবার সরকারি জায়গা ও মসজিদের খরিদকৃত জায়গা দখলের চেষ্টা এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জালালাবাদ মিশন চৌমুহনী এলাকার বাসিন্দা ফাতু মিয়ার ছেলে আব্দুল মুকিতকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ নির্দেশ পেয়ে মুকিতকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রণয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুকিত বার বার সরকারি আইন অমান্য করে ওইখানে সরকারি ও মসজিদের জায়গা দখলের চেষ্টা করছে এমন তথ্য জানার পর এ অভিযান চালিয়ে তাকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।













