প্রতিবেদকঃ রাশেদ আহমদ
ব্রিটিশ আমলের শত বছরের মৌলভীবাজারের রাজনগরের ঐতিহ্যবাহী সরকারবাজার একসময় আশপাশের কয়েকটি গ্রামের মানুষের কেনাকাটা ও বেচাকেনার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। সময়ের সঙ্গে বাজারের সেই জমজমাট রূপ অনেকটাই হারিয়ে যায়। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এবার স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে বাজারটিকে নতুনভাবে চালু ও জমজমাট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল চারটায় রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সরকারবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আশপাশের বিভিন্ন গ্রামের শিক্ষক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজসেবক, সচেতন যুবসমাজ, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বাজারের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা, নিয়মিত বাজার পরিচালনা, ক্রেতা-বিক্রেতার অংশগ্রহণ বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
সভায় প্যানেল চেয়ারম্যান জুবেল আহমদ রাশেল বলেন, সরকারবাজারকে নতুন রূপে সাজানোর জন্য ইউনিয়ন বিএনপির সভাপতির সঙ্গে পরিকল্পনা করা হয়েছে। তবে শুধু বাজার খুলে দিলেই হবে না, বাজার জমজমাট করতে ক্রেতা-বিক্রেতা উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ক্রেতারা যদি এই বাজার থেকে নিয়মিত পণ্য কেনেন এবং বিক্রেতারা তাঁদের পণ্য বিক্রির সুযোগ পান, তাহলে ধীরে ধীরে বাজারে মানুষের আনাগোনা বাড়বে। অন্যদিকে বিক্রেতারা যদি পণ্য বিক্রি করতে না পারেন, তাহলে একসময় তাঁদের সংখ্যাও কমে যাবে।
জুবেল আহমদ রাশেল আরও বলেন, বাজারটি জমজমাট হলে গবাদিপশুর বাজার সরকারি ব্যবস্থাপনায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাজারের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি শক্তিশালী বাজার কমিটি প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিটিশ আমলের পুরোনো এই বাজারটি আবার নতুনভাবে চালু হওয়ার উদ্যোগে তাঁরা আনন্দিত। বাজারটি নিয়মিত জমজমাট হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন। বিশেষ করে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে তাঁদের দূরের বাজারে যেতে হবে না। এতে সময় ও যাতায়াতের খরচ দুটিই কমবে।
স্থানীয় জসিম উদ্দিন বলেন, ‘পুরোনো এই বাজার আবার আগের মতো চালু হলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। হাতের কাছেই নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। একই সঙ্গে বাজারটির পুরোনো ঐতিহ্যও ফিরে আসবে।’
স্থানীয় ব্যবসায়ী মনাফ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সরকারবাজারের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছিল। বাজারটি নিয়মিত ও জমজমাটভাবে চালু হলে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবেন। তবে বাজারের স্থায়ী উন্নয়নের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগটি দ্রুত বাস্তবায়িত হবে এবং শত বছরের ঐতিহ্যবাহী সরকারবাজার ফিরে পাবে তার পুরোনো প্রাণচাঞ্চল্য ।













