স্টাফ রিপোর্টার (বড়লেখা):
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে “সীরাতুন্নবী (সঃ)” মাহফিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার উদ্যোগে রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। প্রধান আলোচকের আলোচনা পেশ করেন ইসলামী স্কলার ও লেখক মুফতি আলী হাসান উসামা।
প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, আল্লাহর রাসূল (সাঃ) জীবন এবং আদর্শ পুরোটাই ছিল একটা বিপ্লব। মাত্র তেরোটা বছরের মাথায় একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাওয়া এবং মাত্র তেইশ বছরের মধ্যে এমন এক মহান আদর্শ উম্মতের সামনে রেখে যাওয়া দেড় হাজার বছর চলে গেল। এখনও পর্যন্ত সেই আদর্শের আবেদন মোটেও কমছে না। এমনকি পৃথিবী কত এগোচ্ছে, কত উন্নত হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমার নবীর আদর্শ আধুনিক সমস্যা সমাধান দিতে মোটেও অক্ষম হচ্ছে না। বরং দুনিয়া যতই আগাক না কেন, আমার নবীর জীবনাদর্শ এরচেয়ে বেশি এগিয়ে আছে। পৃথিবী হয়েছে আধুনিক। আমার নবীর জীবনই আলহামদুলিল্লাহ। সর্বযুগের সর্বাধুনিক। সেই মুহাম্মাদ (সঃ) বিপ্লবটা করেছিলেন কীভাবে? যেহেতু দাবি করলাম, তার পুরো জীবনটাই একটা বিপ্লব এবং কেয়ামত পর্যন্ত সমস্ত বিপ্লবীদের জন্য একটা রোল মডেল, একটা আদর্শ।
বিশেষ আলোচক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আলোচনায় বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ শুধু ব্যক্তিজীবনের জন্য নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের জন্যও সর্বোত্তম দিকনির্দেশনা। তাঁর দেখানো মানবিকতা, ন্যায়বিচার, সততা ও নৈতিকতার আদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের চর্চা আরও বিস্তৃত করতে হবে। সীরাতের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। এর মধ্য দিয়েই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমাদুল ইসলাম।
জামায়াতে ইসলামীর উপজেলা আমির (ভারপ্রাপ্ত) মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় সীরাত মাহফিলে স্থানীয়দের মধ্যে আলোচনা করেন-পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী বিভাগ) মাওলানা খালেদ আহমদ, মোহাম্মাদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক আব্দুল্লাহ খান, দারুল হিকমাহ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জিয়াউল হক।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নায়াবে আমির ফয়ছল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল মোহাইমিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সভাপতি মো: কামাল উদ্দিন, উলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুস সালাম, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহফিলে উপস্থিত ছিলেন।


















