দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় স্বাক্ষর করেছেন বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ সময় বর্ধিত মেয়াদে সংশ্লিষ্ট কমিটির সভাপতি যথানিয়মে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এ নির্দেশনার অনুলিপি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।













