রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে কুশিয়ারা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ডালিম মিয়া, শহিদুল মিয়া ও জাহিদুল মিয়ার প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এ সময় প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন ইউএনও।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর ভাঙনে শাহাপুর গ্রামের ডালিম মিয়া ও নুরুল মিয়ার বসতভিটা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে দুই পরিবারের ১৩ সদস্য আশ্রয়হীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে ফতেপুর ইউনিয়নের শাহাপুর, আবদুল্লাপুর, হামিদপুর, জায়েদপুর ও বেরকুড়ি গ্রামের নদীতীরবর্তী প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি।
স্থানীয় শিমুল মিয়া ও আবদুল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক সহায়তার পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী উদ্যোগ জরুরি। ঝুঁকিপূর্ণ এক কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ও ব্লক স্থাপন করে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হলে পাঁচটি গ্রামের মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন।
ইউএনও বিপুল সিকদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপাতত আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও সরকারি সহায়তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমন্বিত মাস্টারপ্ল্যান গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি খাসজমিতে ঘর নির্মাণের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।
তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।











