মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেফতারের পর জামিন দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার পাখিয়ালাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রফিকুল ইসলাম সুন্দরকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ রফিকুল ইসলাম সুন্দরের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সুন্দর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়ের করা একটি মামলা এবং সাম্প্রতিক একটি মারামারির মামলার আসামি। এসব মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছিল।
রাব্বি মিয়া
মৌলভীবাজার প্রতিনিধি








