মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকার কাউছার নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), একই জেলার শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪)।
পুলিশ সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮) যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পরে রাত আড়াইটার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেল পরিবহনের একটি মাঝারি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫) ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন।
পরে তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান মৌলভীবাজার প্রতিদিন-কে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











