২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) শহর শাখা ছাত্রশিবিরের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর শাখা সভাপতি কাজী দাইয়ান আহমদের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মুস্তাকিম আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি জননেতা ইয়ামীর আলী।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা ইয়ামীর আলী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বেদনাবিধুর ঘটনা। তিনি অভিযোগ করেন, ওই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে দেশ থেকে নির্মূল করার উদ্দেশ্যে হামলা চালানো হয় এবং ইসলামী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন করা হয়।
তিনি আরও বলেন, ওই ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭জন ভাই শাহাদাতবরণ করেন। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি জোর আহ্বান জানান। একই সঙ্গে শাহাদাতবরণকারী ভাইদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শাখা সভাপতি কাজী দাইয়ান আহমদ তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের সূচনা হয় এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এর অবসান ঘটে। দীর্ঘ ১৭ বছরে সংঘটিত জেল-জুলুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শহর শাখার অফিস সম্পাদক ফয়সল আহমদ, এইচআরডি সম্পাদক জিয়াউর রহমানসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডিতে শাহাদাতবরণকারী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭জন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
