মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র মৌলভীবাজার জেলা শাখার সদস্য, সদর উপজেলার দজবালী গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা
শেখ আনছার আলীর মৃত্যুতে শোক জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪:৩০ ঘটিকার সময় সিলেটের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর আড়াইটায় তাঁর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনিসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, কিছু মানুষ চলে গেলেও তাঁদের স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে। আনছার আলী ভাইও তেমনি একজন মানুষ, যাঁর শূন্যতা অনুভূত হবে প্রতিদিনের চেনা শহরে, পরিচিত পথে। তিনি সদা হাস্যউজ্জল সহজ সরল সাদামাটা পরোপকারী মানবতাবাদী মানবিক মানুষ ছিলেন। সকলের আপদে বিপদে সবার আগে ছুটে চলতেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার তথা সিলেট বিভাগের যে ক্ষতি হল তাহা সহজে পূরণ হবার নয়।
এদিকে স্বাধীনতার সংগ্রামে অংশ নেওয়া শেখ আনছার আলীর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।





