পাঁচগাঁওয়ের মন্দির পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি
রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে প্রায় তিনশ বছরের ঐতিহ্যবাহী লাল বর্ণের দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যতিক্রমী এ পূজায় প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাঁচগাঁওয়ের সাধন সর্বানন্দ দাশ আরাধিত শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
ডিআইজি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। পূজার বাকি দিনগুলোতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমদ রাসেল, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন্ত দাসসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।













