নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতে কার্যালয়ের নিজস্ব চাহিদা মিটছে। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহযোগিতায় ৭৩ লাখ টাকা ব্যয়ে এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ৬২৫ ওয়াট ক্ষমতার ২৮৮টি প্যানেলের মাধ্যমে এখান থেকে ১৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। গত দুই মাস ধরে এই ব্যবস্থা কার্যালয়ের দৈনন্দিন চাহিদা পূরণ করছে এবং ছুটির দিনগুলোতে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত দুই মাসে এই সৌরবিদ্যুৎ প্যানেল থেকে প্রায় ১৯ হাজার ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে গেছে।
এদিকে সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুতের এমন সাফল্য দেখে স্থানীয়দের মধ্যেও নিজেদের বাসাবাড়ির ছাদে প্যানেল স্থাপনের আগ্রহ তৈরি হচ্ছে।













