শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় জায়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির বাবা, আট বছর বয়সী ভাই ও দাদি গুরুতর আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চারজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে তিন বছর বয়সী জায়ানের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত অন্য তিনজন হলেন জায়ানের বাবা আব্দুল মুহিত দিপু, আট বছর বয়সী ভাই আয়ান ও দাদি শামছুন নাহার (৭০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, শামছুন নাহারের দুই পা এবং আয়ানের এক পা ভেঙে গেছে। এ ছাড়া দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মী মো. আল-আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।













