কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি সামাজিক বনায়নের প্রায় ১৪ থেকে ১৫টি গাছ রাতের আঁধারে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাশের কৃষকের ধানখেতও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা থেক ভোর ৪টার মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন ঘোড়ামারা, আদমপুর,কমলগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অজ্ঞাতনামা একটি চক্র রাতের আঁধারে সামাজিক বনায়নের গাছগুলো কেটে নিয়ে যায়।
এ ঘটনায় সরকারি সম্পদের নিরাপত্তা ও সামাজিক বনায়ন রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি গাছ কাটার সময় পাশের কৃষকের ধানখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট কৃষক।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। একইভাবে বন কর্মকর্তা জুয়েল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত, কীভাবে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।













