বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় ভালো করলে চলবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। কলেজজীবনকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি সুস্থ ছাত্ররাজনীতির চর্চা, দেশপ্রেম ও নেতৃত্বের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কলেজের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কলেজের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার প্রত্যাশা রয়েছে।
শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক জসিম উদ্দিন ও প্রভাষক সাদিয়া নাঈমা হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক বিধান চন্দ্র দাস, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম প্রমুখ।












