মৌলভীবাজার পৌরশহরের সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শহরের কোর্ট রোডের চৌমোহনা, শমসেরনগর রোড এবং পুরাতন হাসপাতাল রোডের পশ্চিমবাজার এলাকায় সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দখল অপসারণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নগরীর সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা, যানজট নিরসন এবং জনসাধারণের ভোগান্তি কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।













