স্টাফ রিপোর্টার, কুলাউড়াঃ
মৌলভীবাজারের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। কুলাউড়া সংসদীয় আসন থেকে প্রথম নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী ৯৭ বছর বয়সে অস্ট্রেলিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, মুন্তাকিম চৌধুরী দীর্ঘদিন থেকে অষ্ট্রেলিয়ার মেলবোর্নে স্বপরিবারে বসবাস করছিলেন। বার্ধক্যজনিত কারণে ৯ অক্টোবর শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মুন্তাকিম চৌধুরীর একাধারে আইনজীবী, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তজম্মল আলী চৌধুরী।
রাজনৈতিক জীবনের সূচনা লগ্নে তিনি পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলনসহ তৎকালীন সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমএলএ নির্বাচিত হন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বাধীনতার পর তিনি গণপরিষদের সদস্য এবং বাংলাদেশের সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। সংবিধানে ৭০ অনুচ্ছেদ নিয়ে তার যুক্তি আজও স্মরণীয়।
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন সিলেট-১৩ (বর্তমানে মৌলভীবাজার-২ কুলাউড়া) আসন থেকে প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেন।
স্বাধীনতার পর তিনি জাপান ও জার্মানীতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ব্যারিস্টার হিসেবে আইন অঙ্গনেও তার ছিল উজ্জ্বল পদচারণা।
ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরীর মৃত্যুতে কুলাউড়াবা তথা মৌলভীবাজার জেলাবাসী হারালো ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র বটবৃক্ষকে।













