ডেস্কঃ
ক্যাম্পাসে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধ, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রশাসন বরাবর ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা।
আজ বুধবার (৭ অক্টোবর) কলেজ কর্তৃপক্ষের নিকট এই স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখিত ১০ দফা প্রস্তাবনা ও দাবিগুলো হলো— ১. কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধ করে প্রবেশের ক্ষেত্রে কার্যকর নিয়ম চালু করতে হবে। ২. কলেজের প্রবেশপথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং যথাযথ পরিচয় যাচাইয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৩. অনুমোদন ছাড়া কোনো বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৪. কোনো ব্যক্তি বা দলীয় উদ্যোগে যে কেউ যেন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা ব্যক্তিগত সামগ্রী ইচ্ছামতো পরীক্ষা বা তল্লাশি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। ৫. শিক্ষার্থীদের অযাচিত জিজ্ঞাসাবাদ, ভয়ভীতি প্রদর্শন, অপমান, হয়রানি কিংবা চলাচলে বাধা দেওয়ার মতো ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৬. ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন/কার্যকর করা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করতে হবে। ৭. শিক্ষার্থীদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি কার্যকর ও সহজলভ্য অভিযোগ গ্রহণ ব্যবস্থা চালু করতে হবে। ৮. কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অবস্থান সংক্রান্ত সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। ৯. কোনো শিক্ষার্থী নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হলে দ্রুত প্রশাসনিক সহায়তা পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ১০. সর্বোপরি, শ্রীমঙ্গল সরকারি কলেজ ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল, সম্মানজনক ও শিক্ষাবান্ধব পরিবেশ হিসেবে নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে ছাত্রশিবিরের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কলেজ প্রশাসন দ্রুত এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দরা।













