কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে রোববার (২৭ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর উদ্যোগে ও বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন কমিটির আয়োজনে শোভাযাত্রাটি লাউয়াছড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর আহ্বায়ক শাব্বির এলাহীর সভাপতিত্বে এবং সদস্যসচিব নির্মল এস পলাশের সঞ্চালনায় আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক ও ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ প্রজিত কুমার দাস।
আলোচনা সভা শেষে মণিপুরী নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ, সাংবাদিক, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















