শ্রীমঙ্গল প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শ্রীমঙ্গল পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় সংসদ ভবন থেকে দেশব্যাপী কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ভানুগাছ সড়কের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি, আবর্জনা ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস এ কর্মসূচি চলবে। এ সময়ে প্রতি শনিবার সরকারি বিভিন্ন দপ্তর, পৌর এলাকার বিভিন্ন স্থান ও বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। বাসাবাড়ি, ছাদ, ড্রেন, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুর আলী ও পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ। এ ছাড়া স্কাউট, বিএনসিসি ও গার্ল গাইডের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক কর্মীরা অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, ‘শ্রীমঙ্গল টিলা-পাহাড়বেষ্টিত এলাকা। সারা বছর এখানে পর্যটকেরা আসেন। তাই শুধু সরকারি কার্যালয় পরিষ্কার রাখলেই হবে না, বাড়িঘর ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে। আগামী তিন মাসে পরিচ্ছন্নতার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে বলে আশা করছি।’
পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শ্রীমঙ্গলেও প্রতি শনিবার সরকারি বিভিন্ন দপ্তরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি পৌরসভা ও শহরের বিভিন্ন বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান অব্যাহত থাকবে। তিন মাসের মধ্যে শহরের পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে।















