জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোছা. বরাতুন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) দুপুরে টিসিবির পণ্য কিনতে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদে যান বরাতুন নেছা। টিসিবির পণ্য নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে পরিষদের সম্মুখে একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত বরাতুন নেছাকে উদ্ধার করেন। পরে তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে সিলেটে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বরাতুন নেছাকে মৃত ঘোষণা করেন।
নিহত বরাতুন নেছা জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রুপাছড়া গ্রামের মৃত সফিক মিয়ার স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি বিষয়টি জেনেছি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

















