রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানে যুবক-যুবতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চাবাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নং সেকশনের বাগান পাহাদার স্বপন রাজভর দেখতে পান চাবাগানের মোকাম আকাশী টিলায় একটি নিম গাছের সাথে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তাদের উভয়ের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী একমাস আগে কোর্ট ম্যারেজ করেন। কিন্তু তাদের উভয়েই বিবাহিত ও সন্তান ছিল। এই বিবাহের জের ধরে তাদের পরিবারে কলহের তৈরি হয়। একপর্যায়ে মঙ্গল বাউরী নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে মাথিউড়া চাবাগানের নিম গাছের সাথে দুজনে একই গাছে গলায় লাইলনের রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার এস আই আমির হোসেন।



















