মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল গাফফার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের ভাটুৎগ্রাম এলাকার চৌধুরী বাজার থেকে ভবানীপুর রেলক্রসিংয়ের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন রুবেলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় আব্দুল গাফফারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল গাফফার কুলাউড়া উপজেলার বড় কাপন গ্রামের আকিল মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম লেবু বেগম। গ্রেপ্তারের পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সে কুলাউড়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বি এন পি র সহ সভাপতি।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান, মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা জরুরি।













